নড়াইলের চিহ্নিত মাদক ব্যবসায়ী উজ্জ্বল রায়ের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ টাকাসহ মাদক উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের বিষয়টি টের পেয়ে উজ্জ্বল রায় পালিয়ে গেলেও তার স্ত্রী দিপালী রায় (৩৫) কে আটক করে পুলিশ।

সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টা হতে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বিদ্যুৎ বিহারী নাথসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে উজ্জ্বল রায়ের বসত ঘর থেকে ১৮ লাখ ৭০ হাজার ৪৩৭ টাকা, ১০০ গ্রাম গাঁজা, ১৭ প্যাকেট সিগারেট, ইয়াবাসহ ২টি মোবাইল, ১টি পাসপোর্ট ও ২টি জাতীয় পরিচয় প্রত্র উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আল আমিনের নেতৃত্বে শহরের কুড়িগ্রাম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী উজ্জ্বল রায় (৫০) এর বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী উজ্জ্বল রায় পালিয়ে গেলেও তার স্ত্রী দিপালী রায়কে আটক করা হয়।

ঘরের মধ্যে বিভিন্নস্থানে তল্লাশি চালিয়ে নগদ অর্থসহ বিভিন্ন মাদকদ্রব্য ও উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। উজ্জ্বল একাধিকবার মাদকসহ নড়াইল ও যশোর হতে পুলিশের হাতে আটক হয়েছে।

পুলিশ আরও জানায়, কিছু দিন কারাগারে থেকে বেরিয়ে এসে আবারও ব্যবসা চালিয়ে যায়। তার বিরূদ্ধে আদালতে একাধিক মাদকের মামলা চলছে। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কতিপয় কথিত সাংবাদিকের সহায়তায় সে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা করে আসছে।

হুমায়ুন/এসএম