ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে পাঁচ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৩টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ ফেরি চলাচল বন্ধ ছিল।

এ সময় মাঝ পদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে সহস্রাধিক যাত্রী ও পাঁচ শতাধিক যানবাহন নিয়ে নয়টি ফেরি নোঙর করে রাখা হয়।

বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক চন্দ্র শেখর জানান, পদ্মায় ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে নৌ-চ্যানেলের মার্কিং-বয়া নির্ণয় দুষ্কর হয়ে উঠলে কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ দেয়। এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া থেকে স্থানান্তরিত শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া নয়টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়।

ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট থেকে মাওয়া চৌরাস্তা পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

ঘন কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টায় নোঙরে থাকা ফেরিগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

কেএইচ