নোয়াখালী সুবর্ণচরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন।

স্বামী সন্তানদের বেঁধে রেখে নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের এক গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন করেছে নোয়াখালী সচেতন ছাত্র সমাজ।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে ঘন্টাব্যাপি এই কর্মসূচীপালন করা হয়।

মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, নোয়াখালী সচেতন ছাত্র সমাজের সদস্য নজরুল ইসলাম ফয়সাল, সৈকত হাসান, রবিউল ইসলাম, রাখি, রোকসানা আক্তার ও সজিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

গত ৩০ ডিসেম্বর সুবর্ণচরে নৌকায় ভোট না দেওয়ায় রুহুল আমিনের নেতৃত্বে তার ১০-১২ জন অনুসারীসহ গভীর রাতে তাদের ঘরের ভেতরে পুলিশ পরিচয়ে ঢোকে ভিকটিমের স্বামী সিরাজ উদ্দিনকে মারধর ও তার সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রেখে ঘরের বাইরে নিয়ে পালাক্রমে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে।

পরে এই ঘটনায় ভিকটিমের স্বামী সিরাজ উদ্দিন বাদী হয়ে ৯জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। তবে মামলায় রুহুল আমিন মেম্বারকে আসামী করা হয়নি।

ঘটনার মূল ইন্ধনদাতা রুহুল আমিন মেম্বার (৩৫) প্রধান আসামী মো. সোহেল (৪০) মো.স্বপন (৩৫)ও বাদশা আলম ওরফে বাসু (৪০) বেচু (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় মামলার প্রধান আসামীসহ এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।