দ্রুতগতিতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নতুন ‘করোনাভাইরাসে’ আক্রান্ত হওয়ার আশঙ্কায় চীন থেকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশিদের নিয়ে দেশে ফেরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট, কেবিন ক্রুসহ মোট ২০জন সদস্য প্রায় চার দিন ধরে নিজ নিজ বাসায় একা থাকছেন।
এর আগে তাদের সবাইকে অফিস না করে যার যার বাসাতেই মাস্ক পড়ে একাকী থাকার জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা বলে দিয়েছিলেন।
গতকাল (০৩ ফেব্রুয়ারি) সোমবার রাত সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মোকাব্বির হোসেন বলেন, চীন থেকে সে দিনের ফ্লাইটে যাত্রী নিয়ে দেশে ফেরাদের মধ্যে ছিলেন বিমানের চারজন পাইলট, ১১ জন কেবিন ক্রু এবং পাঁচজন গ্রাউন্ড সার্ভিসের স্টাফ। মোট ২০ জন।
মোকাব্বির হোসেন বলেন, আমার একজন পাইলট তার সিমুলেশন ট্রেনিং ছিল সিঙ্গাপুরে। ওই জন্য রোববার ভিসার জন্য গিয়েছিল, তারা চায়না এক্সিট এন্ট্রির সিল দেখে তাকে ভিসা দেয়নি।
কোনো পাইলটকে ভিসা দেয়া হয়নি? এমন প্রশ্নে তিনি বলেন, এখানে নাম দেয়ার দরকার নাই। আমার একজন পাইলট। কিন্তু বিভিন্নভাবে ডিসট্রডেটভাবে দেখলাম আসছে মিডিয়ায়। সত্য ঘটনা হলো এটা।
পরে তিনি বিষয়টি আরো পরিষ্কার করে বলেন, এর মধ্যে একজন ক্যাপ্টেন সিঙ্গাপুর অ্যাম্বাসিতে গিয়েছিলেন। প্রশিক্ষণ আছে সিঙ্গাপুরে উনার। এর জন্য সিঙ্গাপুর অ্যাম্বাসিতে ভিসা নিতে গিয়েছিলেন। তারা তাকে ভিসা দেয়নি। চায়না এয়ারপোর্টের এক্সিট এন্ট্রি ভিসা আছে। এটা দেখেই ভিসা দেয়নি।
ফ্লাইট নিয়ে দেশে আসা ক্যাপ্টেন, কেবিন ক্রু ও গ্রাউন্ড সার্ভিসের সদস্যদের বিমানবন্দরে থাকা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পক্ষ থেকে কী ধরনের নির্দেশনা দেয়া হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, তাদের যে প্রসিডিউর অনুযায়ী চলতে বলা হয়েছিল সেই অনুযায়ী তারা চলছেন।
উল্লেখ্য, চীনের উহান থেকে বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ উড়োজাহাজ (বোয়িং-৭৭৭-৩০০) ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। বিমানটি ওই দিন রাত ২টায় ঢাকায় ফেরার সময় নির্ধারণ থাকলেও ১০ ঘণ্টা বিলম্বে সেটি এক জানুয়ারি দুপুর ১২টায় ঢাকায় অবতরণ করে।
ফ্লাইং আওয়ার প্রায় ২২ ঘণ্টা ছিল পাইলটদের এমন প্রশ্নের উত্তরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেন, ফ্লাইট আওয়ার ২২ ঘণ্টা না। তারা (পাইলট) ওইখানে প্রসিডিউরের জন্য গ্রাউন্ডেড ছিল ১১ ঘণ্টার মতো।
এমবি





