কুমিল্লার চান্দিনায় এক তরুণীকে উত্ত্যক্তের দায়ে দেলোয়ার হোসেন (১৬) নামে এক কিশোরকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০২ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ছালেহ আহাম্মদ এ আদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন জেলার বরুড়া উপজেলার বাঁশতলী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
চান্দিনা থানার উপ পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে চান্দিনার মাইজখার গ্রামের এক তরুণীকে উত্ত্যক্ত করে আসছিলো।
রোববার বিকালে চান্দিনা বাজার থেকে বাড়ি ফেরার সময় ওই তরুণীকে আবারো উত্ত্যক্ত করে দেলোয়ার। এতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
পরে, ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ ছালেহ আহাম্মদ তাকে ১০ দিনের কারাদণ্ড দেন বলে জানান এসআই।
কেএইচ





