মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছন, পোশাক কারখানায় নিয়ম মোতাবেক কমপ্লায়েন্স প্রতিপালন করলে বাংলাদেশের তৈরি পোশাক সারাবিশ্বে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হবে।
রোববার ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আতিউর রহমানের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বাছে এ কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় কর্ম পরিবেশের উন্নয়নে রূপান্তর চলছে। ঠিকমতো কমপ্লায়েন্স মেনে চললে এ দেশের তৈরি পোশাক কারখানার কর্ম পরিবেশ আন্তর্জাতিক মানে উন্নতি হবে। এতে বাংলাদেশে প্রস্তুতকৃত তৈরি পোশাক পণ্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হবে।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন,‘আমার অভিমত হলো-কমপ্লায়েন্স প্রতিপালন করলে সারাবিশ্বে এদেশের তৈরি পোশাক হবে নাম্বার ওয়ান ব্র্যান্ড।’ সাথে সাথে অগ্নি নির্বাপক ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন মজিনা।
বৈঠকে দুদেশের পারস্পারিক অর্থনৈতিক সর্ম্পক, ব্যাংকিং কর্মকাণ্ড, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি ও সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ