নীলফামারীতে এক আবাসিক হোটেল মালিককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

কারাদণ্ড প্রাপ্ত হোটেল মালিক হলেন, জেলার সৈয়দপুর উপজেলা শহরের রুবেল বোডিংয়ের (সাবেক রানা বোডিং) মালিক রহমত আলী (৫০)। আজ বুধবার দুপুরে সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুশফিকা ইফফাত ওই দন্ডাদেশ দেন।

জানা যায়, সৈয়দপুর শহরের শহীদ তুলসীরাম রোডস্থ (দিনাজপুর সড়ক) রুবেল বোডিংয়ের মালিক রহমত আলী মঙ্গলবার রাতে মদপান করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের সামনে মাতলামী করছিল। এতে অতিষ্ট হয়ে স্থানীয় লোকজন বিষয়টি থানায় অবহিত করে।

খবর পেয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে তাকে আটক করে। মদ্যপায়ী রহমত আলীকে আজ ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উক্ত দন্ডাদেশ প্রদান করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এমআর