পুলিশের অতিরিক্ত আইজি একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম বলেছেন, পুলিশ-জনতার মধ্যে ব্যবধান দূর করা ও জনতার সহায়ক হিসেবে পুলিশ কাজ করবে- এমন লক্ষ্য নিয়েই কমিউনিটি পুলিশিং পদ্ধতি চালু করেছিলাম। ২০০৭ সালে এ কার্যক্রম চলমানের পর থেকে অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এ পদ্ধতি বেশ ভূমিকা রাখছে।

জনতাই পুলিশ, পুলিশই জনতা- এ স্লোগান নিয়ে বরিশালে জেলা ও নগর পুলিশ আয়োজিত শনিবার বিকাল সোয়া ৩টায় পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

শহীদুল হক বলেন, এলাকার গণ্যমান্যরা এ কমিটির নেতৃত্বে থাকছেন বলে পুলিশ ও জনতা উভয়ের সুবিধা হচ্ছে।

বরিশালের ভারপ্রাপ্ত ডিআইজি কমান্ডার আরআরএফ কাজী মোর্তাজ আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম, দশম এপিবিএনের কমান্ডিং অফিসার আ. রহিম, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সোয়েব আহমেদ পিপিএম, পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ্।

সভায় কমিউনিটি পুলিশিংয়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন হিজলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব হোসেন তালুকদার, বাকেরগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, হিজলা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মহসিনা বেগম প্রমুখ।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই