আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার দুপুরে গোপালগঞ্জে সদর উপজেলার ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

এ সময় পুলিশ লাঠিচার্জ ও অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করে পুলিশ। আহতরা গ্রেফতার এড়াতে জেলা শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকির হোসেন মোল্যা জানান, ১৬ আগস্ট সরকারি বঙ্গবন্ধু কলেজে ওই দুই গ্রামের দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটি ও পরে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকাল ১০টার দিকে লতিফপুর ইউনিয়ন পরিষদে বিষয়টি মীমাংসার জন্য ওই দুই গ্রামের মুরব্বীরা সালিশ বৈঠকে বসেন।

তিনি জানান, বৈঠকের এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয় গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ইটের আঘাতে ও পুলিশের লাঠিচার্জে অন্তত ২০ জন আহত হন।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

কেএইচ