সিরাজগঞ্জ জেলার কাজিপুরের শুভগাছা ইউনিয়নের নৌকা প্রতীকে সিল মারায় ফরহাদ আলী নামে এক সহকারী প্রিজাইডিং অফিসারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ভোটারদের বল প্রয়োগ করার অভিযোগে চারজনকে নৌকা প্রতীকের এজেন্টকে জরিমানা করা হয়েছে।

এছাড়াও শুভগাছায় আরেকটি পোলিং অফিসার নিজেই ভোটারদের দিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মেরে নিয়ে বাক্স ভরছেন এবং অন্য কেন্দ্রগুলোতে নৌকার সমর্থকরা প্রকাশ্যে ভোটার দিয়ে সিল মেরে নিচ্ছেন।

বেলা ১২টার দিকে শুভগাছা ইউনিয়নের বয়ড়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পোলিং অফিসার বেলতৈল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হোসেন নিজেই ভোটারদের দিয়ে প্রকাশ্যে নৌকায় সিল মেরে বাক্স ভরছেন। জিজ্ঞেস করতেই বলেন, ভোটার নিজেই নৌকায় সিল মেরেছে আমি শুধু বাক্সে ভরেছি। এসময় ওই ভোটার বাকি দুইটা ব্যালট পেপারে বুথের ভিতরে গিয়ে সিল মারেন।

শুভগাছা ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গিয়ে দেখা যায় বুথের ভিতর থেকে একজন ভোটার দুটি ব্যালটে পেপারে সিল মেরে বের হচ্ছেন। জিজ্ঞেস করতেই বলেন, নৌকারটি আগেই মেরে বাক্স ফেলেছি।

বীর শুভগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখা যায় ঢাকায় কর্মরত একজন পুলিশ অফিসার ছুটিতে এসে কেন্দ্রে এজেন্টের দায়িত্ব নিয়েছেন। তিনি ভোটারদের কাছ থেকে নৌকা ব্যালট পেপার নিয়ে সিল মেরে বাক্স ভরছেন। সাংবাদিকদের দেখেই প্রতিটি এজেন্ট ও পোলিং অফিসাররা সর্তক হয়ে যান।

জুনকাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নৌকা প্রতীকের এজেন্ট আব্দুস সাত্তার মহিলা বুথে গিয়ে নৌকা প্রতীকে সিল মারছে।

অন্যদিকে, শাহজাদপুরের জালালপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ জানান, জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে নৌকায় সিল মারছে।

খুকনী ইউনিয়নের বিএনপি প্রার্থী গাজী দিলীর আহমেদ বলেন, গোপীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল করে সরকার দলীয় প্রার্থীর সমর্থকেরা জালভোট প্রদান করছেন। গাড়াদহ ইউনিয়নের বিএনপি প্রার্থী আব্দুল জব্বার বলেন, বারই টেপরা ও মশিপুর ভোটকেন্দ্র দখলে নিয়েছে আওয়ামীলীগের কর্মী-সমর্থকেরা।

অন্যদিকে, শাহজাদপুরের খুকনী ইউনিয়নের মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে সকাল থেকে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় আওয়ামী লীগ প্রার্থী মুল্লুক চাদের সমর্থকেরা জোরপূর্ব ব্যালট বই ছিনতাই করে নিয়ে যাবার চেষ্টা করে। এ সময় ওই এলাকার ৪ জন মেম্বার প্রার্থীর সমর্থক ও এলাকাবাসী বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং ভাংচুরের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৫/৬জন সমর্থক আহত হন। পরে প্রিজাইডিং অফিসার কেন্দ্র বন্ধ ঘোষণা করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানা ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। প্রায় এক ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

নাটুয়ারপাড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, সকালে নাটুয়ারপাড়া ইউপির খাসশুড়িবের উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ চলাকালে আওয়ামীলীগ সমর্থিত মেম্বর প্রার্থী যুবলীগ নেতা ফজুল হক জোরপুর্বক ভোট কাটার চেষ্টা করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহিদ মেম্বার বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয়পক্ষের চারজন আহত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল হাসান জানান, প্রকাশ্যে নিজেই সিল মারার সময় হাতেনাতে আটকে শুভগাছা ইউনিয়নের আফানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব সহকারী প্রিজাইডিং অফিসার ফরহাদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এছাড়াও ভোটারদের বল প্রয়োগ করে নৌকা প্রতীকে সিলমারার অভিযোগে মোসলেম উদ্দিন, আব্দুল বাছেদ, আবু হাসেম ও ফজলার রহমান নামে চারজনক এজেন্ট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এমআইএস