রাজধানীর হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় জিয়াউল কবির সোহেল (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।এ ঘটনায় ফারজানা আক্তার তানিয়া (২৮) নামে এক নারী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ মার্চ) রাত সোয়া ১০টার দিকে হাতিরঝিলের পুলিশ কনকর্ড প্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াউল ওয়ান ব্যাংকের কর্মকর্তা ছিলেন। তিনি রামপুরার বনশ্রী এলাকায় থাকতেন। তার বাড়ি ভোলার দৌলতখান উপজেলায়।
জানা গেছে, রাত সোয়া ১০টার দিকে সোহেল ও তানিয়া মোটরসাইকেলে করে হাতিরঝিল হয়ে রামপুরার দিকে যাচ্ছিলেন। পুলিশ কনকর্ড প্লাজার মোড় পার হতেই পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোহেল মারা যান।
এ ঘটনার পর স্থানীয়রা তানিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ ঢামেক মর্গে রয়েছে।ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।
এমবি





