কুষ্টিয়ার মিরপুরে ভূমিকম্প আতঙ্কে ১৫ স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা পোনে ১ টার দিকে কুষ্টিয়ার মিরপুর সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ ছাত্রীরা হলো- মিরপুর সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অপর্ণা, শাবণী, সপ্তম শ্রেণীর ছাত্রী ইরা, আফরীন, অরিন, ফাতিমা, শান্তা, অষ্টম শ্রেণীর ছাত্রী জেরিন, নবম শ্রেণীর ছাত্রী উর্মি, সুরাইয়া, রত্না, সীমা ও রিংকী ও দশম শ্রেণীর ছাত্রী মুক্তি।

মিরপুর সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক শফিউদ্দিন ও বেলাল হোসেন জানান, শনিবার বেলা পোনে ১ টার দিকে হঠাৎ দফায় দফায় প্রবল ভূমিকম্প অনুভূত হলে স্কুলের ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে দিক-বিদিক ছোটাছুটি শুরু করে। এসময় ১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার সাহা জানান, ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে ১৫ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে এতে ভয়ের কোন কারন নেই বলে জানান এই কর্মকর্তা।

এদিকে, কুষ্টিয়ায় দফায় দফায় প্রবল ভূমিকম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবল ভূমিকম্প কুষ্টিয়া জেলার ভেড়ামারা, দৌলতপুর, মিরপুর, সদর, কুমারখালী ও খোকসা উপজেলার উপর দিয়ে বয়ে যায়। স্মরণকালের ঘটে যাওয়া ভূমিকম্পনের সময় আতঙ্কে ঘরবাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে সাধারণ মানুষগুলো রাস্তায় নেমে আসে।

এমকে