সিরাজগঞ্জ সদর উপজেলার ঠাকুরট্যাক এলাকা থেকে এক বৃদ্ধকে (৬০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে সদর উপজেলার সিরাজগঞ্জ-মুলবাড়ী বাইপাস সড়কের ঠাকুরট্যাক এলাকায় রাস্তার উপর এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তাকে পাঞ্জাবী দিয়ে হাত বেধে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কাহারা কি কারণে উক্ত বৃদ্ধকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, নিহতের পরিচয় জানার জন্য চেষ্টা চালানো হচ্ছে। হত্যার কারণ সম্পর্কে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।
ঢাকা, ১০ জুলাই, (টাইমনিউজবিডি.কম) // এসএইচ





