বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির বোর্ড রুমে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। আর চূড়ান্ত ফলাফল আগামীকাল (১ নভেম্বর) বিকেল ৩টায় প্রকাশ হবে।

নির্বাচনে ঢাকা বিভাগের ২টি এবং বরিশাল বিভাগের ১টি পদের জন্য লড়াই চলছে। ঢাকা বিভাগে দুই পরিচালকের নির্বাচনে প্রার্থীরা হলেন- নাইমুর রহমান দুর্জয়, নারায়ণগঞ্জের তানভির আহমেদ টিটু, নরসিংদীর শাহীনুল ইসলাম ভুঁইয়া ও কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল ইসলাম। এর মধ্যে নাজমুল হাসান পাপনের প্যানেলে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সভাপতি ও বিগত পরিচালনা পর্ষদের পরিচালক নাইমুর রহমান দুর্জয় এবং তানভীর আহমেদ টিটু।

বরিশাল বিভাগে এক পরিচালকের বিপরীতে দুই প্রার্থী রয়েছেন। তারা হলেন- সদ্য বিদায়ী সভাপতি ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার এমএ আউয়াল চৌধুরী ভুলু ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর খান।

ঢাকা বিভাগের ভোটার ১৮ এবং বরিশালে ৭।

নতুন গঠনতন্ত্র অনুয়ায়ী বিসিবিতে পরিচালকের সংখ্যা ২৫ জন। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় দু’জন বাদ দিয়ে বাকি ২৩ পরিচালকেরই ভোটের মধ্যদিয়ে নির্বাচিত হওয়ার কথা। কিন্তু ইতোমধ্যেই ২০ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকরা হলেন, ক্যাটাগরি-১: শফিউল আলম চৌধুরী (সিলেট বিভাগ), আকরাম খান ও আ জ ম নাছির উদ্দিন (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), সাইফুল আলম স্বপন (রাজশাহী বিভাগ) ও অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ)।

ক্যাটাগরি-২: আফজাল-উর-রহমান সিনহা, গাজী গোলাম মুর্তজা, হানিফ ভূঁইয়া, ইসমাইল হায়দার মল্লিক, জালাল ইউনুস, লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুবউল আনাম, মঞ্জুর কাদের, নজীব আহমেদ, নাজমুল হাসান পাপন, শওকত আজিজ রাসেল ও তানজিল চৌধুরী।

ক্যাটাগরি-৩: খালেদ মাহমুদ সুজন