বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াশু ইজুমি (Hiroyasu Izumi) আজ সকালে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র সাথে তাঁর সচিবালয়স্থ অফিসে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় জোরদারকরণ, জাপানে বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
জাপানী রাষ্ট্রদূত জানান, বর্তমান সরকারের বিনিয়োগ বান্ধব নীতির কারণে বাংলাদেশে জাপানের বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু জাপানী কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তাছাড়া জাপানের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশে জাপানী ভাষাশিক্ষার চাহিদা অনেক বেশি। সেজন্য বাংলাদেশে জাপানী ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণে জাপান দূতাবাস প্রয়োজনীয় সহযোগিতা প্রদানসহ কাজ করতে আগ্রহী।
রাষ্ট্রদূত আরও জানান, বাঙালি সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ হওয়া সত্ত্বেও জাপানী নাগরিকদের নিকট ততটা পরিচিত নয়। সেজন্য দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আরো জোরদারকরণ জরুরি; বিশেষ করে বাংলাদেশ হতে অতিশীঘ্রই একটি সাংস্কৃতিক দল জাপান প্রেরণের পদক্ষেপ নেয়া যেতে পারে।
প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি জানান, শীঘ্রই জাপানে একটি সাংস্কৃতিক দল প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি এসময় ২০১৬ সালে হলি আর্টিজানের মর্মান্তিক ঘটনায় জাপানী নাগরিক নিহত হওয়ার বিষয়ে আন্তরিক দুঃখ, শোক ও সমবেদনা প্রকাশ করেন।
সাক্ষাতকালে ঢাকাস্থ জাপান দূতাবাসের সংস্কৃতি বিষয়ক প্রধান মাচিকো ইয়ামামুরা (Machiko Yamamura) উপস্থিত ছিলেন।
এম বিল্লাহ/এসএম





