ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গজলডোবা ব্যারাজের পানিতে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
বুধবার রাত সাড়ে ১১টার পর থেকে তিস্তায় পানি বাড়তে থাকে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর পানিপ্রবাহ রেকর্ড করা হয়। তিস্তা নদীর বন্যার কারণে পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন, হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া, গোড্ডিমারী, সিঙ্গীমারী, সিন্দুনা ও সানিয়াজনা ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া এলাকার পানিবন্দি আবদুর রশিদ বলেন, ‘কোনো বৃষ্টি নেই অথচ বুধবার রাত ১১টার পর থেকে হঠাৎ আমাদের চারদিকে পানি আসে। এখন আমরা পানিবন্দি অবস্থায় আছি।’
লালমনিরহাটের তিস্তা ব্যারাজের ডালিয়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান বলেন, ‘ভারতে ভারি বর্ষণে উজান থেকে নেমে আসা ঢল ও গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ার কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে রাতে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপরে ওঠে। পানি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় জনপ্রশাসনকেও অবহিত করা হয়েছে। বর্তমানে তিস্তা ব্যারাজের ৪৪টি গেটই খুলে দেওয়া হয়েছে।’
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুর রহমান বলেন, ‘উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্লাবিত ইউনিয়নের চেয়ারম্যানদের বন্যাকবলিতদের খোঁজখবর এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানকে জানানো হয়েছে।’
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





