দুর্ঘটনার এক ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বগি উদ্ধারের এক ঘণ্টা পর শুক্রবার সকাল সোয়া ৮টায় এ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

শুক্রবার সোয়া ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে চট্টগ্রামগামী জালালাবাদ মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

এতে ১নং লাইনে আখাউড়া হয়ে চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আখাউড়া রেলওয়ে জংশন (লোকো ইনচার্জ) প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন জানান, ক্রসিং পয়েন্টে পাথর আটকে থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

আখাউড়া স্টেশন সুপারিন্টেন্ডেন্ট মো. খলিলুর রহমান জানান, লাইনচ্যুত বগিটি এক ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধারের পর সকাল সোয়া ৮টায় এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

এমআর