জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই শিশু হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে বাগেরহাটের মোড়েলগঞ্জে বারইখালী ইউনিয়নের পায়লাতলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মিরাজুল (১১) ও রিয়াজুল (৮) ওই গ্রামের বাবু হাওলাদারের ছেলে।

নিহত দুই শিশুর বাবা বাবু হাওলাদার জানান, মিরাজুল ও রিয়াজুল বৃহস্পতিবার রাতে পাশের বাড়িতে দাদি রওশানারার কাছে ঘুমায়। গভীর রাতে প্রতিবেশী মৃত বারেক মৃধার ছেলে বাচ্চু মৃধা (৪০) ওই বাড়িতে আসে।
কৌশলে ঘরে ঢুকে মিরাজুল ও রিয়াজুলকে হত্যা করে।

পরে একজনকে ঘরের পেছনের পুকুরে ও অপরজনকে ঘরের সামনে ডোবায় ফেলে যায়। সকালে মিরাজুল ও রিয়াজুলের লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করেন রওশনারা।

তিনি আরও জানান, কিছুদিন আগে তাদের (হাওলাদার পরিবার) বাড়ি ছাড়তে বলে মৃধা পরিবার। না হলে হত্যা করা হবে বলে হুমকি দেয় তারা।

বাচ্চু মৃধা পরিকল্পিতভাবে দুই শিশুকে হত্যা করেছে বলে অভিযোগ করেন বাবু হাওলাদার।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম খান জানান, পুলিশ শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ওই দুই সহোদরের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, এ নিয়ে গত নয় দিনে মোড়েলগঞ্জে ৪টি হত্যাকাণ্ড ঘটল। এর আগে ৩ সেপ্টেম্বর জিউধরা গ্রামে খুন হন আওয়ামী লীগ নেতা মোজাম্মেল শিকদার (৬০)। ১০ সেপ্টেম্বর রাতে উত্তর জামিরতলা গ্রামের খুন হন নববধূ তমালিকা বেগম (১৯)।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ