সাতক্ষীরায় ১২ লাখ টাকা মূল্যের তিনটি স্বর্ণবারসহ তিন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

সদর হাসপাতাল এলাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার কামুণ্ডা গ্রামের আবেদ আলীর ছেলে সুমন ইসলাম (৩০), সাতক্ষীরার কামালনগর এলাকার মারুফ হোসেন (২৮) ও একই এলাকার আব্দুর রউফ (৩২)।

সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম রহমান জানান, ভারতে পাচারের উদ্দেশে তিনটি স্বর্ণবার নিয়ে সুমন সাতক্ষীরায় আসেন। পরে তার সঙ্গে স্থানীয় দুজন যোগ দেন।

সীমান্তের দিকে যাওয়ার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর হাসপাতাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তিনটি সোনার বারের ওজন প্রায় ৩০ ভরি বলে জানান ওসি।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ