মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কলাগাছিয়া এলাকার পদ্মা নদী থেকে শিহাব হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই যুবক বরিশালের আটহাজারি গ্রামের আবুল কালামের ছেলে। তিনি দক্ষিণ কমলাপুরের একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতো।

হরিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ জানান, ঈদের পরদিন শিহাব হরিরামপুর উপজেলার খালপাড় বয়রা গ্রামে তার বন্ধু আলীমের বাড়িতে বেড়াতে যায়। আলীম ওই গ্রামের আতাহারের ছেলে। শুক্রবার দুপুরে তিনি তার বন্ধুকে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

হরিরামপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, সকালে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেএইচ