ময়মনসিংহ-১-(হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি চিরনিদ্রায় শায়িত হলেন।
শুক্রবার বেলা ৩ টার দিকে হালুয়াঘাট উপজেলার নিজ বাড়ির প্রধান ফটকের বাঁ পাশে তাকে সমাহিত করা হয়। এ সময় পরিবারের সদস্য, নিকট আত্মীয় স্বজনদের কান্নায় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে সকাল ৯ টায় পারিবারিক প্রার্থনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে মরদেহ সকলের ফুলেল শ্রদ্ধা ও একনজর দেখার জন্য বিড়ইডাকুনী উচ্চ বিদ্যালয় মাঠে রাখা হয়।
এখানে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো মানুষ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত আহম্মদ হোসেন,বিএনপির সাবেক সাংসদ আফজাল এইচ খান, দুর্গাপুর-কলমাকান্দার এমপি ছবি বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক আলী আজগর, উপজেলা চেয়ারম্যান ফারুক আহম্মদ খান, ভূবনকুড়া ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ মিয়াসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রায় ৩ ঘন্টা ব্যাপী এ অনষ্ঠানের পর গার্ড অব অর্নার দেওয়ার কার্যক্রম সম্পন্ন করা হয়। এরপর মরদেহ বিড়ইডাকুনী ক্যাথলিক চার্চে রাখা হয় বিশেষ ধর্মীয় কার্যক্রম ও প্রার্থনা সভার জন্য।
দুই ঘন্টার এই অনুষ্ঠান শেষে পুনরায় মরদেহ নেওয়া হয় তার বাড়িতে। সেখানেই পারিবারিক প্রার্থনা শেষে বাড়ির প্রধান ফটকের বাঁ পাশে তাকে সমাহিত করা হয়।
এসএম





