যশোর-বেনাপোল মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় নিপা (১১) নামে এক স্কুল ছাত্রীর পা শরীর থেকে বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে রেখেছে স্কুল ছাত্র-ছাত্রীরা। বুধবার সকাল ৮টায় যশোর-বেনাপোল মহাসড়কে এই ঘটনা ঘটে।

আহত স্কুল ছাত্রী নিপা শার্শার নাভরন বুরুজ বাগান গ্রামের রফিকুলের মেয়ে ও বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ভ্যানে চড়ে স্কুলে যাচ্ছিল তিন স্কুল ছাত্রী। এসময় যশোর থেকে আসা একটি পিকআপ ভ্যান স্কুল ছাত্রী বহন করা ভ্যানে ধাক্কা দিলে ভ্যান থেকে ছাত্রীরা ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই মারাত্বক আহত হয়ে নিপার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তার সাথে থাকা দুই স্কুল ছাত্রীও আহত হয়। এ সময় স্থানীয়রা আহত ছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আহত অন্য ছাত্রীরা হলেন, একই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী রিপা ও ৭ম শ্রেণির ছাত্রী স্মৃতি।

এ ঘটনায় স্কুলের ছাত্র-ছাত্রীরা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এবং মহাসড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মণ্ডল জানান, এমন ঘটনা দুঃখজনক। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম, মসিউর রহমান জানান, এমন ঘটনা দুঃখজনক। আন্দোলন রত ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভিবক করার চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে মহাসড়ক অবরোধ করায় যশোরের সাথে বেনাপোল ও সাতক্ষীরা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

নাছির/এসএম