সিরাজগঞ্জে যমুনা নদীর তীরবর্তী পাঁচটি উপজেলার বিভিন্ন স্থানে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে।
বন্যা হওয়ার আশঙ্কায় দুর্গম চরাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পানি বৃদ্ধির কারণে ইতোমধ্যে সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
যমুনা নদীর আশপাশের বিভিন্ন এলাকায় পাট, কাউন, তিল ও আখসহ বিভিন্ন ফসল ডুবে গেছে। অবিরাম বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
গত তিন দিনের ভারি বর্ষণে খাল-বিল, নদীনালা প্রায় ভরে উঠেছে। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। এতে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়ছে।
টানা বর্ষণের কারণে কৃষকরা মাঠে কাজ করতে পারছেন না। জেলা ও উপজেলা শহর অভিমুখে লোকজনের যাতায়াত কমে গেছে। শহর প্রায় জনশূন্য হয়ে পড়েছে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যও প্রায় বন্ধ রয়েছে।
অপরদিকে, জেলার চলনবিল এলাকার তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া এবং যমুনা নদীর তীরবর্তী কাজিপুর, বেলকুচি, এনায়েতপুর, শাহজাদপুর উপজেলার নিম্নাঞ্চলের পরিস্থিতি এখন ভয়াবহ আকার ধারণ করেছে।
ভারি বর্ষণ অব্যাহত থাকলে সিরাজগঞ্জে বন্যার আশঙ্কা রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে।
ঢাকা,২২ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ





