কুমিল্লার দেবিদ্বারে পূজা মন্ডবের পাশে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে ফয়েজ নামের এক যুবক খুন হয়েছেন।সোমবার রাতে জেলার দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবক দেবিদ্বার উপজেলার মোহনপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এ সময় হামলায় আহত হয়েছে আরও ৩ জন।
স্থানীয়রা জানান, হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব চলাকালে ছোটনা গ্রামের একটি পূজামণ্ডপের পাশে ফয়েজের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে ফয়েজকে ছুরিকাঘাত করে ওই যুবকরা।
তাকে বাঁচাতে এসে মেহেদী, গনি মিয়া ও রাসেল নামের আরও তিনজন আহত হন।
স্থানীয়রা মারাত্মক আহত ফয়েজকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ভর্তির করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গভীর রাতে তার মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুর ১টায় দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে পূজার কোনো সংশ্লিষ্টতা নেই। তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার কারণে ছুরিকাঘাতে ফয়েজের মৃত্যু হয়েছে।
মরদেহ উদ্ধার করে কুমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে।
এসএ





