বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন ‘বিশেষ প্রক্রিয়ার’ মধ্যদিয়ে সম্পন্ন হবে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আজ বুধবার বিকেলে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, ‘অতি দুঃখের সঙ্গে বলছি, করোনায় আক্রান্ত একজন মারা গেছেন। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। ওই ব্যক্তির বয়স ছিল ৭০ বছরের ওপরে এবং তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ, কিডনিসহ আরো বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।’

আইইডিসিআর জানিয়েছেন, মুসলিম ব্যক্তিকে কিভাবে দাফন করা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রটোকল আছে। করোনায় আক্রান্ত যে ব্যক্তির মৃত্যু হয়েছে একজন মুসলমান। তাকে ইসলামি রীতি অনুযায়ীই দাফন করা হবে। তবে তা আইইডিসিআর’র লোকজন করবেন। এ উদ্দেশ্যে আমাদের লোকজন মৃত ব্যক্তির বাড়িতে চলে গেছেন। তারাই সবকিছু করবেন।

করোনা প্রতিরোধে সাবধানতার পাশাপাশি জনসমাবেশ বন্ধের আহ্বানও জানান আইইডিসিআরের এ পরিচালক। বিপণী বিতান, শপিংমলে না যেতেও অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য করনোভাইরাসের বর্তমান প্রজন্মটি (কোভিড-১৯) খুবই ছোঁয়াচে। তবে মৃত ব্যক্তির হাতে, মুখে, নাকে, চোখে এমনকি যে যে স্থানে মুখের লালা লেগেছে সেখানে ভাইরাস থাকতে পারে। সে কারণে প্রচলিত যে রীতিতে একজন মুসলমান মৃত ব্যক্তিকে খালি হাতে ধরে গোসল করানো হয় এই ক্ষেত্রে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিকে সেভাবে গোসল করানো বা ধরা যাবে না। সে কারণে আইইডিসিআর’র লোকজন গিয়ে দাফনের কাজটি করে দিয়ে আসবেন।

এএস