ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় পদ্মায় চারটি ফেরি আটকা পড়েছে।

এ ফেরিগুলোতে তিন শতাধিক যানবাহন রয়েছে বলে শুক্রবার সকালে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দীন পাটোয়ারী জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে নৌপথ বন্ধ রয়েছে।

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীসহ পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা পারাপারের গুরুত্বপূর্ণ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ।

গিয়াস উদ্দিন বলেন, গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার কারণে প্রায়ই পারাপার বিঘ্নিত হচ্ছে। মাঝ পদ্মায় তিন শতাধিক যানবাহন নিয়ে আটক আছে চারটি ফেরি। আর পারাপারের অপেক্ষায় লৌহজংয়ের শিমুলিয়াঘাটে আছে বড় মিলে প্রায় তিন শতাধিক যানবাহন।

কুয়াশার তীব্রতা বাড়তে থাকলে ঝুঁকি এড়াতে এই রুটের ফেরি চলাচল বন্ধ করা হয় উল্লেখ করে তিনি জানান, একই কারণে বৃহস্পতিবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

তবে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা।

এমআর