বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী মায়ানমারের সীমান্তবর্তী দূর্গম দৌছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি আমতলী এলাকায় ৫০ থেকে ৫৯ নং সীমান্ত পিলার এলাকা থেকে হাজার রাউন্ড গুলি বর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে।
১১ জুলাই থেকে ১২ জুলাই বিকাল পর্যন্ত গুলি বর্ষণের এই শব্দ পাওয়া যায় বলে জানান দৌছড়ি সদরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা শাহাব উদ্দিন (২৮)। এ ঘটনায় সীমান্তে বসবাসকারী লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে সীমান্তের জিরো লাইনের ভেতরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ।
লেম্বুছড়ির স্থানীয়রা জানিয়েছেন, গত ১১ জুলাই সকাল সাড়ে নয়টা থেকে ৫৯ ও ৫০ নম্বর পিলার এলাকায় প্রচন্ড গুলিবর্ষণ শুরু হয়। থেমে থেমে গুলির আওয়াজ শোনা যায়।
এ ঘটনার পর লেম্বুছড়ি ও পানছড়িসহ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা সতর্কাবস্থায় রয়েছে। তবে কী কারণে এই গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট করে কেউ বলতে পারছেন না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ জানান, সকাল থেকে সীমান্তের জিরো লাইনের ওপার থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে।
ওই এলাকার ইউপি সদস্য আবদু রহিম জানান, সকাল সাড়ে ৯টা থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। এটি তাদের প্রশিক্ষণও হতে পারে বা সশস্ত্র গোষ্ঠী আরএসওর সঙ্গে বন্দুকযুদ্ধও হতে পারে। তবে এ ঘটনায় লেম্বুছড়ি সীমান্তের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। তবে গুলি বর্ষণের ঘটনায় কোন প্রকার হতাহত পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর বায়ানডোলা ক্যাম্প এর ১ থেকে ৮ নং সার্ব ক্যাম্প পর্যন্ত এই গুলি বর্ষণ করা হচ্ছে বলে স্থানীয় মায়ানমারের বাসিন্দা সূত্রে তারা এই খবর পেয়েছে।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





