রাজবাড়ীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ভাদু শেখের (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৬ আগস্ট) মাঝরাতে বালিয়াকন্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলঙ্কারপুরে গড়াই নদীর তীরে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে দাবি করেছে বালিয়াকান্দির ওসি হাসিনা বেগম।

নিহত ভাদু শেখের (৪০) বাড়ি রাজবাড়ী সদরের গোবিন্দুপর গ্রামে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় অস্ত্র ও বিস্ফোরণ আইনে ২টি, চুরির অভিযোগে ১টি এবং ডাকাতির অভিযোগে ৪টি মামলা রয়েছে।  

ওসি বলেন, গভীর রাতে ৪-৫ জন ডাকাতের জড়ো হওয়ার খবরে পুলিশের একটি দল অলঙ্কারপুরে যায়। “পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা অতর্কিতে গুলি ছোড়ে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর অন্যরা পালিয়ে গেলেও ভাদু শেখকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

পরে ভাদুকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।   

তিনি বলেন, এই অভিযানে বালিয়াকান্দি থানার এসআই অঙ্কুর, কনস্টেবল আলমগীর ও জয়ন্ত আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২টি ওয়ানশুটার গান, ১টি কার্তুজ এবং ১টি রাম দা উদ্ধার করা হয়েছে। 

এমবি