রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিজিবির ধাওয়ায় কাঠপাচারকারীরা পালানোর সময় জিপ উল্টে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নিহতের ঘটনায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন সাদ্দাম হোসেন (৩৫) ও মো. জাবেদ (৩৪)।

বিজিবি সূত্রে জানা গেছে, কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ওয়াগ্গাছড়া জোনের অধীন ১৯ বিজিবির ডংছড়ি চেকপোস্ট পাচারের উদ্দেশ্যে অবৈধ চোরাই কাঠ বোঝাই একটি চাঁদের গাড়ি দ্রুত গতিতে অতিক্রম করার চেষ্টা করলে বিজিবির সদস্যরা গাড়িটিকে ধাওয়া করে।

এতে গাড়িটি উল্টে গাড়ির চাপায় সাদ্দাম হোসেন নামে এক হেলপার ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া গুরুতর আহত গাড়ির চালক মো. জাবেদ ও মো. নাজিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রাতে মো. জাবেদ মারা যায়।

তাৎক্ষণিক ঘটনার প্রতিবাদে স্থানীয় কাঠ ব্যবসায়ীদের সমর্থনপুষ্ট জনতা উত্তেজিত হয়ে বিজিবির ডংছড়ি ক্যাম্পের চেকপোস্টে আগুন ধরিয়ে দিয়ে ও ভাংচুর করে হামলা চালায়। এতে বিজিবি-জনতার সংঘর্ষের ঘটনা ঘটে।

উত্তেজিত জনতা বিজিবির ক্যাম্পে হামলা চালায়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে জনতা পিছু হটে। পরে বিজিবি ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন কাপ্তাই থানার ওসি রঞ্জন কুমার সামন্ত।

ঘটনার ব্যাপারে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল উদ্দিন পাঠান জানান, জনগণকে উত্তেজিত করার অপরাধে জুয়েল নামে একজনকে তাৎক্ষনিক আটক করা হয়।

কাপ্তাই থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, এলাকা বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থল ডংছড়ি বিজিবি চেকপোস্টে অতিরিক্ত বিজিবি, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

এমবি