মুখে ভর দিয়ে লিখেই দুই হাত-পা ছাড়াই জন্ম নেয়া লিতুন জিরা এবার পিইসি পরীক্ষায় বৃত্তি পেয়েছে। লিতুন জিরা যশোরের মণিরামপুর উপজেলার শেখ পাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। সে এবার উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশ নেয়।

লিতুন জিরা বলেছে, পরনির্ভর হয়ে সমাজের বোঝা হতে চাই না। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে আরো দশজন মানুষের মতো আত্মনির্ভশীল হতে চাই।

জানা যায়, লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহী লিতুন জিরা প্রখর মেধাবী। হুইল চেয়ারেই বিদ্যালয়ে আসা-যাওয়া করে জিপিএ-৫ পেয়েছে। সর্বশেষ মঙ্গলবার প্রকাশিত বৃত্তির ফলাফলে লিতুন জিরা সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

লিতুন জিরার বাবা হাবিবুর রহমান ও মা জাহানারা বেগম বলেন, জন্মের পর মেয়ের ভবিষ্যত নিয়ে নানা চিন্তা তাদের পেয়ে বসতো। এখন মেয়ের মেধা তাদের আশার সঞ্চার করেছে।

লিতুন জিরা আর দশজন শিশুর মতোই স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া, গোসল সবকিছুই করতে পারে না। মুখ দিয়েই লেখে সে। তার চমৎকার হাতের লেখা যে কারো দৃষ্টি কাড়বে।