বগুড়ার শেরপুর উপজেলায় নয় বছরের এক শিশু কন্যাকে শ্লীলতাহানীর অভিযোগে খানপুর ইউনিয়নের বোয়ালকান্দি গ্রামের মহির উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, শুক্রবার সকালের দিকে প্রতিবেশি মহির উদ্দিনের বাড়ির পাশে তার নাতনির সঙ্গে শিশুটি খেলা করছিল। পরে মহির কৌশলে শিশুটিকে ডেকে বাড়ি নিয়ে যান। এসময় ওই বাড়িতে কেউ ছিলেন না।
এরপর নানা প্রলোভন দিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে তাকে ছেড়ে দেন। একই সঙ্গে ঘটনাটি অন্য কাউকে না জানানোর জন্য শাসিয়ে দেন। শিশুটি বাড়ি গিয়ে তার বাবা-মাকে ঘটনাটি জানালে ওই রাতেই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
শেরপুর থানার উপ-পরির্দশক (এসআই) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় মহিরকে শনিবার বিকালে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
এদিকে থানা হাজতে থাকা অভিযুক্ত মহির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এমএনজে





