মাগুরার আমুড়িয়া গ্রামে বুধবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা বদিয়ার রহমান জানান, সকাল ৮টার দিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হাতেম মোল্লা, সোহেল ও জামানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের সমর্থকদের বাড়িঘরে অতর্কিতে হামলা চালানো হয়। হামলায় জহুর মোল্লা, আছাদ মোল্লা, টিটু মাস্টার, ওলিয়ার মোল্লা, মশিয়ার মেম্বর, আফজাল, শাহাদত বিশ্বাস, মোফাজ্জেল মোল্লা, হাফিস বিশ্বাস ও রোস্তম মোল্লারসহ ২৫টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের একপক্ষ অপরপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড শটগানের গুলিবর্ষণ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জেআই