ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা থেকে পড়ে নীলিমা ঘোষ (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নীলিমা ঘোষ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ফুটবল খেলোয়াড় কালিপদ ঘোষের স্ত্রী। একই সঙ্গে তিনি চান্দাইকোনা কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক (এজিএস) অসীম ঘোষের মা।
রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রাজ্জাক জুয়েল জানান, সন্ধ্যায় ছেলে, ছেলের বউ ও নাতনিকে নিয়ে চান্দাইকোনা থেকে অটোরিকশাযোগে আত্মীয় নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রঞ্জিত ঘোষের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন নীলিমা ঘোষ।
সাহেবগঞ্জ বাজার এলাকায় সিএনজি থেকে নামার পথে নীলিমা ঘোষ পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।
নীলিমা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলমসহ আরো অনেকে।
এমবি





