গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে মাদকসেবীদের হামলায় তিন ছাত্রসহ চারজন আহত হয়েছেন।

মেডিকেল কলেজের ক্যাম্পাসে সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র রবিউল আলম (২৩), একই বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেন (২২), ১ম বর্ষের নাহীন (২০) ও ক্যান্টিন ম্যানেজার মাসুম (৩৫)। এ ঘটনায় জড়িত এজনকে আটক করেছে পুলিশ।

মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সুবাস চন্দ্র সাহা জানান, রাত সাড়ে ৭টার দিকে মেডিকেল কলেজের ক্যাম্পাসের অভ্যন্তরে চারজন মাদকসেবী বসে গাঁজা সেবন করছিল।

এ সময় কলেজের কয়েকজন ছাত্র ঘটনাটি দেখে প্রতিবাদ করে ক্যাম্পাসে আসতে নিষেধ করেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই মাদকসেবীরা ছাত্রদের ওপর লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

হামলায় মেডিকেল কলেজের তিনজন ছাত্র আহত হন। এ সময় ক্যান্টিনের ম্যানেজার মাসুম এগিয়ে গেলে তার ওপরও মাদকসেবীরা হামলা চালায়। তিনিও আহত হন।

তাদের চিৎকারে ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীরা এগিয়ে গেলে মাদকসেবীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর থেকে ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান অধ্যক্ষ সুবাস চন্দ্র সাহা।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান হামিদ জানান, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত মাদকসেবী সজিবকে (২৪) আটক করা হয়েছে।

তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার কলসকাঠি গ্রামে। তার বাবার নাম আক্কাস আলী। জড়িত অপর হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

এমকে