রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যার ঘটনায় তার এক সহকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের একটি দল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করে। এরপর তাকে রাজশাহী মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়।
আটক আতিকুর রহমান রাজা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বও পালন করেছেন।
মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ‘ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তাকে আকতার জাহানের আত্মহত্যা প্ররোচনা মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেয়া হবে।’
গত ৯ সেপ্টেম্বর রাবির শিক্ষকদের আবাসিক জুবেরী ভবনে নিজ কক্ষ থেকে আকতার জাহান জলির মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে তার নিজ হাতে লেখা চিরকুট পাওয়া যায়। তাতে সাবেক স্বামীর বিরুদ্ধে সন্তানের গলায় ছুরি ধরার অভিযোগের কথা লিখে যান।
তবে নিজের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় জানিয়ে লেখেন, শারীরিক ও মানসিক কারণে আমি আত্মহত্যা করলাম।
ঘটনার দিন আকতার জাহানের সাবেক স্বামী সহযোগী অধ্যাপক তানভীর আহমদ নিজের ফেসবুকে স্টাটাসে জানান, তার সঙ্গে আকতার জাহানের চার বছর আগে বিচ্ছেদ হয়ে গেছে। বিভাগের জুনিয়র এক সহকর্মীর সঙ্গে তার (আকতার জাহান) সম্পর্ক তৈরি হয়েছিল বলে তিনি (তানভীর আহমদ) আতিকুর রহমান রাজার দিকে ইঙ্গিত করেছিলেন।
এমবিএইচ





