ভোলার মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার জব্দ ও মাইনুদ্দিন (২৫) নামে এক শ্রমিককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুর রহমানের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করেন।

মাকসুদুর রহমান জানান, কোস্টগার্ড ও পুলিশ মেঘনা নদীর গাজিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় গজারিয়া নামের একটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করতে দেখা যায়। ড্রেজারটি জব্দ করে এক শ্রমিককে আটক করা হয়। পরে তাকে ছয় মাসের কারদণ্ড দিয়ে ড্রেজারটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গত এক সপ্তাহে ভোলার মেঘনায় বালু উত্তোলন বন্ধে ১১টি ড্রেজার, বলগেট ও কার্গো জব্দ এবং ১২ শ্রমিককে জেল জরিমানা করা হয়েছে।

জেআই