বরিশাল ও ঝালকাঠির মাঝখানে সেনাবাহিনীর জন্য আলাদা ডিভিশন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে পটুয়াখালী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
কনফারেন্সে দক্ষিণাঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি এলাকার সমস্যা ও সম্ভাবনা শুনে সে বিষয়ে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সেনাবাহিনীর জন্য আরো একটি ডিভিশন করতে চাই। বরিশাল ও ঝালকাঠির মাঝামাঝি এই ডিভিশন হবে।’
এদিকে পটুয়াখালী জেলা ছাড়াও নেত্রকোনা জেলা এবং বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী নেত্রকোনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে কনফারেন্সে বলেন, ‘নেত্রকোনায় মৎস্য অভয়ারণ্য করতে হবে। এতে অনেক মানুষের কর্মসংস্থান হবে।’
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সঞ্চালনায় ঢাকা বিভাগীয় কমিশনার অফিস, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, ভোলা, ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটি ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিল।
জেআই





