ঝিনাদহের মহেশপুরে মা ও নানিকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে ইমরান (২৬)। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার নওদাগ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই গ্রামের মৃত নুর মোহাম্মদের মেয়ে মর্জিনা খাতুন ও স্ত্রী শামসুন্নাহার (৭০)। স্থানীয়রা জানায়, ইমরানকে মানসিক রোগের চিকিৎসা দেওয়া হয় এবং সে মাদকাসক্ত।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ইমরান তার মায়ের কাছে টাকা চায়। টাকা না দিলে ক্ষিপ্ত হয়ে মা ও নানিকে কুপিয়ে গুরুতর যখম করে। সেখান থেকে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মহেশপুর সরকারি বালিকা বিদ্যালয়ের কারিগরী বিষয়ের শিক্ষক মর্জিনা বেগম তার সন্তান ইমরান ও মা শামসুন্নাহারকে নিয়ে বসবাস করতেন। ছেলে ইমরান ছিল মানসিক রোগী। বিভিন্ন সময় সে তার মা ও নানীকে শারীরিকভাবে নির্যাতন করতো।

২০০৪ সালে যখন তার মায়ের ডিভোর্স হয়। এ সময় সে তার দাদাকে মারধোর করে। পরবর্তীতে তাকে দুইদফা পাবনা মানসিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার রাত ২ টার দিকে মা ও মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা বাড়িতে গিয়ে দেখতে পান দুই জনই ঘরের মেঝেতে পড়ে আছেন। ইমরান ওই সময়েই পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, ইমরান মাদকাসক্ত। টাকার জন্য প্রায়ই তার মাকে মারধর করতো। রাতেও তার মায়ের কাছে নেশার জন্য টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় এ ঘটনাটি ঘটিয়েছে ইমরান।

এমআর