লক্ষ্মীপুরের রায়পুরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধেঁ বলে জানা যায়।   

রোববার সকালে পৌর শহরের মধুপুর ছৈয়াল বাড়ীতে এ ঘটনা ঘটে।

এঘটনায় দুপুরে প্রবাসী সালেহ্ আহম্মদের স্ত্রী নেহারা বেগম বাদি হয়ে একই এলাকার আবুল বাসার, নুর নবী ও এমরানসহ ৩ জনকে আসামি করে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মধুপুর এলাকার ছৈয়াল বাড়ির আব্দুল হকের ছেলে নুর নবীর সঙ্গে বাড়ির পাশের একটি জমির দখল নিয়ে প্রবাসী সালেহ্ আহম্মদের স্ত্রী নেহারা বেগমের বিরোধ চলছিল। রোববার সকালে নুর নবী, তার দুই ছেলে আবুল বাসার ও এমরানের নেতৃত্বে ১০/১২ জন ওই জমি দখলের চেষ্টা চালায়।

এসময় বাঁধা দিলে প্রবাসীর স্ত্রী নেহার বেগম, ছেলে শাহিন আলম ও আমিরকে পিটিয়ে জখম করা হয়।

ঘটনার সময় তাদের উদ্ধারে এগিয়ে আসলে প্রতিবেশী নয়ন আক্তার, সাহিন, জাকির ও হাজেরা বেগমসহ আরো ৭ জন আহত হয়। আহত নেহার বেগম ও ছেলেকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকীদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রায়পুর থানার ওসি একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, প্রবাসীর স্ত্রী নেহারা বেগম ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ