ঝালকাঠিতে গ্রাম পুলিশের হামলায় শিশু ছাত্র মো. সাইদ ভূইয়া (৮) আহত হয়েছে। তার বাম হাত ভেঙে গেছে এবং বুকে ও পিঠে ব্যথা করছে।
শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিশু।
সাইদ শহরের স্টেশন রোডের চা বিক্রেতা আবুল ভূইয়ার ছেলে ও পথকলি শিশু বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
হামলাকারী আলী হোসেন সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ ও হত্যা মামলার আসামি বলে জানা গেছে।
আহত সাইদ জানায়, বিকালে খেলার সময় কলাবাগান এলাকার বাসিন্দা গ্রাম পুলিশ আলী হোসেনের বাড়িতে ঢুকে যায়। এ সময় আলী হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে ধরে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।
কিল, ঘুষি ও লাথি মারার এক পর্যায়ে জাগিয়ে তাকে আছাড় মারে। এতে তার বাম হাত ভেঙে যায়। মাথা, বুক ও পিঠে জখম হয়।
চিৎকার করতে থাকলে এলাকাবাসী এসে সাইদকে উদ্ধার করে বাবা-মাকে খবর দিয়ে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় ওই শিশুর বাবা আবুল ভূইয়া বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সদর হাসপাতালের ব্রাদার মনিন্দ্রনাথ বলেন, সাইদের বাম হাতের কনুইয়ে ক্ষত চিহ্ন রয়েছে। এ ছাড়া তার বুক ও পিঠে ফুলা জখম রয়েছে।
সদর থানার সেকেন্ড অফিসার এসআই হালিম তালুকদার বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এমকে





