রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে ডাকাতের বন্দুকযুদ্ধের সময় আব্দুল হামিদ মন্ডল (৪২) নামে এক ডাকাতকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৮ টায় পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের দুধসর কোলানগর গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তি পাংশা উপজেলার কষবামাঝাইল ইউনিয়নের সৈয়দ আলী মণ্ডলের ছেলে।

পাংশা থানার পরিদর্শক আবু শ্যামা মো. ইকবাল হায়াত জানান, রোববার রাতে একদল ডাকাত সরিষা ইউনিয়নের কোলা নগর গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ৪/৫ রাউন্ড গুলি ছোঁড়ে। পুলিশও ডাকাত দলকে লক্ষ্য করে ৭/৮ রাউন্ড গুলি ছোঁড়ে।

পরে ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় একাধিক মামলার আসামি আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে গুলি ভর্তি একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

আহতকে চিকিৎসার জন্য পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেএইচ