সিলেটের জকিগঞ্জে গাড়ির গ্লাসে হাত দেওয়ার অপরাধে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে মারধর করার অভিযোগে উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারের বিরুদ্ধে মামলা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি, বুধবার রাতে ওই চেয়ারম্যানকে আসামি করে মামলা রেকর্ড করেছে পুলিশ।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, ‘স্কুলছাত্র পেটানোর অভিযোগে উপজেলা চেয়ারম্যান ইকবাল তাপাদারকে আসামি করে হাইদ্রাবন্দ গ্রামের জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্ত শেষে বুধবার রাতে ৩২৩, ৩২৫, ৩৪১ ধারায় মামলা রেকর্ডভুক্ত করা হয়।
তবে চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ভিত্তিহীনভাবে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনা রাজনৈতিক প্রতিপক্ষদের সাজানো নাটক।'
বুধবার চেয়ারম্যান সরকারী গাড়ি নিয়ে পৌর এলাকার হাইদ্রাবন্দ গ্রামের মধ্যে রাস্তা দিয়ে যাবার সময় নরসিংহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র জহিরুল ইসলাম মুন্না গাড়ির গ্লাসে হাত দেয়। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান তাকে মারধর করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় তার বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে জকিগঞ্জ থানায় চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।
এ দিকে ইকবাল আহমদের দাবি, স্কুল ছাত্রের হাতে থাকা প্রায় এক হাত লম্বা লোহার রড দিয়ে চলন্ত গাড়ির বাম পাশে সে ধরে রাখেছিলো। যার কারণে গাড়িতে বিকট শব্দ হয়। সাথে সাথে ড্রাইভার গাড়ি ব্রেক করে। যদি তাৎক্ষনিক গাড়ি ব্রেক না হতো তাহলে গাড়ির পিছনের চাকায় ছেলেটি বড় ধরনের দুর্ঘটনার শিকার হত। তিনি গাড়ি থেকে নেমে বিষয়টি বোঝার চেষ্টা করেন এবং ছেলেটিকে ধমক দিলে সে দৌড় দিয়ে পালিয়ে যায়।





