বিআরটিসির যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও এক যাত্রী। বুধবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দিতে এ ঘটনা ঘটে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানান, ঢাকা থেকে ভৈরবগামী বিআরটিসির একটি যাত্রীবাহী দোতলা বাস উল্লেখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই নিহত হন তিনজন। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।
সিএনজিচালিত অটোরিকশাটি বেপরোয়া গতিতে চলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ও আহত সকলেই অটোরিকশার যাত্রী বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
জেএ





