বগুড়া শহর থেকে অপহৃত রকিব উদ্দিনকে (৩২) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে র‌্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

অপহৃত রকিব জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কলেজপাড়ার মৃত আফসার আলী খন্দকারের ছেলে।

আটককৃতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মানিক রওফে মাসুদ রানা (২৬) ও চক রহিমপুর গ্রামের আ. বারী মিয়ার ছেলে মজনু মিয়া (২৩)।

সংবাদ সম্মেলনে আরোও জানানো হয়, গত মঙ্গলবার বিকাল তিনটার দিকে বগুড়া শহরের সাতমাথা থেকে রকিবকে অপহরণ করেন ওই দুই যুবক। অপহৃত রকিবের মুক্তির জন্য পরে পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা।

এ ঘটনায় রকিবের পরিবারের পক্ষ থেকে বগুড়া শহরের আক্কেলপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজারের পাশ থেকে বুধবার রাত আটটার দিকে অপহৃতকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করে।

কেএইচ