আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকের কেরুণতলী এলাকায় দু'পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ২ জন গুলিবিদ্ধ হয়েছে।
ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেলালকে একটি দেশীয় লম্বা বন্দুকসহ আটক করা হয়েছে বলে মহেশখালী থানা পুলিশের দাবি।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল গ্রামের ওমর আলীর ছেলে সেলিম (২৫), কেরুণতলী এলাকার কামাল পাশার ছেলে নুরুল আবছার (১৩)। আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, এ ঘটনার জড়িত থাকার অভিযোগে কালারমারছড়া এলাকার চাঁদ মিয়া মাঝির ছেলে ও হত্যা মামলার আসামি বেলালকে অস্ত্রসহ আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটক করতে পুলিশের অভিযান চলছে।
এএইচ





