হবিগঞ্জের খোয়াই নদীতে ১৫ দিন যাবৎ পানির উচ্চতা ৬ মিটারের আশেপাশে থাকলেও ৪৮ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে আড়াই মিটার। এই পানি বৃদ্ধিকে অস্বাভাবিক বলে দাবি করেছে পানি উন্নয়ন বোর্ড। সূত্রে বলা হয়, খোয়াই নদীর উজানে ভারতে স্লুইস গেট খুলে দেয়ায় এই অস্বাভাবিক পানি বৃদ্ধি পায়।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুর রহমান জানান, বাংলাদেশ থেকে ২০ কিলোমিটার ভিতরে খোয়াই নদীতে চাকমা ব্যারেজ নামক স্থানে ভারত ১০/১২ বছর পূর্বে ড্যাম নির্মাণ করে। ফলে শুকনো মৌসুমে ভারত থেকে কোন পানি আসেনা। কিন্তু ত্রিপুরা রাজ্যে যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন ভারত সেই পানি ছেড়ে দেয়।

গত কয়েকদিন যাবৎ হবিগঞ্জে তেমন বৃষ্টি না হলেও ত্রিপুরায় বৃষ্টি হওয়ায় ভারত পানি ছেড়ে দেয়। ফলে খোয়াই নদীর পানি ৬ মিটার থেকে বেড়ে সাড়ে ৮ মিটার হয়ে যায়। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে হুমকির মুখে পড়তে পারে প্রতিরক্ষা বাধ। খোয়াই নদীর পানি বৃদ্ধির ফলে হাওড় এলাকায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বর্তমানে খোয়াই নদীতে বিপদ সীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

খোয়াই নদীর এই পানি বৃদ্ধি অস্বাভাবিক ঘটনা। ভারত না জানিয়ে বাধ খুলে দেয়ায় এই পানি বৃদ্ধি পেয়েছে। খোয়াই নদীর বাধের দুর্বল স্থানগুলো সংস্কার করায় এই পানি এখনও কোন হুমকি হিসেবে দেখা হচ্ছে না। তবে যদি আরও পানি বৃদ্ধি পায় তাহলে বিপদ হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড ৪০ হাজার চটের বস্তা মজুদ করেছে।

এআর