শেরপুর ঝিনাইগাতীর বটতলায় ঢাকাগামী বাস ও গজনীগামী পিকনিকের পিকাপ ভ্যানের সংঘর্ষে দুই শিক্ষার্থী মারা গেছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শ্রীবরদী উপজেলার ছনকান্দা গ্রামের সামছুল হকের ছেলে সাইফুল (১৪) ও শহীদ মিয়ার ছেলে আবু হামজা (১৪)। আহতদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার শ্রীবরদী উপজেলা থেকে স্থানীয় একটি মাদ্রাসার ২০ জন ছাত্র পিকাপ ভ্যানে করে গজনী অবকাশ কেন্দ্রে যাচ্ছিল।
এসময় বটতলা এলাকায় বিপরীতদিক থেকে আসা ঢাকাগামী জিনিয়া ক্লাসিক (ঢাকা মেট্রো ব-১৪ ৫৫২৪) বাসের সঙ্গে সংঘর্ষ হলে পিকাপে থাকা দুই শিক্ষার্থী রাস্তায় ছিটকে পড়ে।
এতে ঘটনাস্থলেই একজন ও অপরজন শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
এমবি





