চাঁপাইনবাবগঞ্জ সদরের মহীপুরে দশম শ্রেণীর অনিকা ঘোষ নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে বখাটেরা। এ সময় আরো তিন ছাত্রী আহত হয়।
শুক্রবার সকাল ১০টার দিকে মহিপুর বাজার থেকে বান্ধবীদের সঙ্গে প্রাইভেট পড়ে ফেরার পথে তাদের ওপর হামলা করে বখাটেরা।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, এ ঘটনায় জড়িত মালেক নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত অনিকা সদর উপজেলার মহিপুর এলাকার লক্ষ্মণ ঘোষের মেয়ে ও মহিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
আহত তিন ছাত্রী সদরের বেহুলা, মহিপুর ও খরমবাড়ি এলাকার বাসিন্দা ও একই স্কুলের ছাত্রী। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে মহিপুর বাজার থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল ওই চার ছাত্রী। পথে ওই বখাটেরা তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা অনিকাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এমআর





