খুলনা নগরীতে তিনটি বিদেশি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল, একটি পয়েন্ট ৩২ রিভলবার ও ২১ রাউন্ড গুলিসহ ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে দুইটায় খুলনা থানা পুলিশ রায়পাড়া ক্রস রোড এলাকা থেকে তাদের আটক করে। আটকের সময় তারা পুলিশকে লক্ষ করে গুলি করার চেষ্টা করে।
আটক দুই ডাকাত সদস্য হলো- নগরীর খালিশপুরের নয়াবাটি বাজার এলাকার আব্দুল জলিলের ছেলে আল মামুন (৩৮) ও বাগমারা সেতু এলাকার মো. শামসুল হকের ছেলে ফারুক হোসেন (২৪)।
খুলনা থানার সাব-ইন্সপেক্টর অরুন কুমার দাস জানান, তিনি সহকারী সাব-ইন্সপেক্টর আব্দুল আজিজকে নিয়ে রায়পাড়া এলাকায় টহল ডিউটিতে ছিলেন। দুপুর পৌনে দুই টার দিকে রায়পাড়া ক্রস রোড এলাকা দিয়ে রিকশায় করে দুই যুবককে যেতে দেখে সন্দেহ হয়।
তিনি তাদের গতিরোধ করে তল্লাশীর চেষ্টা করেন। কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই যুবকেরা অস্ত্র বের করে পুলিশকে লক্ষ করে গুলি করার চেষ্টা করে। এ সময় পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে ওই দুজনকে জাপটে ধরেন।
এক পর্যায়ে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা এগিয়ে এলে তাদের সঙ্গে থাকা দুটি স্কুল ব্যাগ তল্লাশী করে তিনটি বিদেশি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল, ১টি পয়েন্ট ৩২ রিভলবার ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, ‘গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।’
এসএইচ





