উত্ত্যক্তের প্রতিবাদ করায় সিরাজগঞ্জে সাবেক গৃহশিক্ষকের হাতে এক বাবা খুন হয়েছেন।  নিহত বাবার নাম আব্দুর রউফ আবু সাঈদ (৪৫)।

বুধবার (০২ অক্টোবর) সন্ধ্যায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে।

নিহত আবু সাইদ উপজেলার গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্রামের কোরবান আলী মন্ডলের ছেলে। এই ঘটনায় আবু সাইদের মেয়ের সাবেক গৃহশিক্ষক আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। তার বাড়ি কাজিপুর উপজেলা সদরের আলমপুর গ্রামে।

কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান জানান, আবু সাঈদের মেয়ে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তিনি যখন ইন্টারমিডিয়েটে পড়তেন আমিনুল ইসলাম তখন তার গৃহশিক্ষক ছিলেন। কয়েক মাস ধরে কলেজ যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন তিনি। বিষয়টি নিয়ে আমিনুলকে বেশ কয়েকবার সতর্ক করেছে মেয়েটির স্বজনরা।

তিনি বলেন, বুধবার দুপুরে মেয়েটি কলেজ থেকে বাড়ি ফেরার পথে আমিনুল ও তার কয়েকজন ছাত্র মিলে পথ আটকে তাকে উত্ত্যক্ত করে। খবর পেয়ে মেয়েটির বাবা আবু সাঈদ গিয়ে প্রতিবাদ করেন। এসময় আমিনুল দলবল নিয়ে তাকে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত আমিনুলকে আটক করা হয়েছে বলে জানান ওসি।এমবি